কালিগঞ্জে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ফিল্মি স্টাইলে এবাদুল ইসলাম গাজী (৩৪) নামে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত শাহাজান আলী গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর সড়কের পাউখালী ও পিরোজপুর মোড় এর মধ্যবর্তী স্থানে। জানা যায়, এবাদুল ইসলাম নারায়ণপুরে সার্জিক্যাল ক্লিনিকের পাশে চাল, কুড়া ও পালিশের ব্যবসা করেন। তিনি শনিবার (৭মার্চ) সকালে শ্যামনগর উপজেলার নূরনগর থেকে চাচাতো শ্যালক রায়হানের নিকট থেকে ৩০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। মোটরসাইকেল যোগে পিরোজপুর মোড় অতিক্রম করে কিছুদূর আসার পর দু’টি মোটর সাইকেলে থাকা হেলমেট পরা ৬ যুবক তার গতিরোধ করে। এরপরপরই চেতনানাশক দিয়ে তাকে অজ্ঞান করে ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা। স্থানীয়রা এবাদুল ইসলামকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা জানান, এবাদুল ইসলামকে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করা হয়েছে। বিকেল পর্যšত্ম তার জ্ঞান ফেরেনি। তবে বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত। শেষ খবর পর্যন্ত এব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

Leave a Reply