দরগাহপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে অবৈধ দখল ও নির্যাতনের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে সরকারি খাস জমি অবৈধভাবে দখল, মামলার ভীতি প্রদর্শন, প্রতিবাদকারীকে বিচারের নামে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন অপকর্মের প্রতিকার চেয়ে দরগাহপুর ইউনিয়নের ইউপি সদস্য মুজিবর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার বরাবর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছেন রামনগর গ্রামের মৃত জাহাবক্স সরদারের ছেলে কামাল হুসাইন। লিখিত অভিযোগে তিনি জানান, দরগাহপুরের ইউপি সদস্য মুজিবুর রহমান জনপ্রতিনিধির ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন বেআইনি কর্মকাÐ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ইউপি চেয়ারম্যানসহ কারও তোয়াক্কা না করে নিজ লাঠিয়াল বাহিনী নিয়ে রামনগর গ্রামের স্বপন ব্যাণার্জী, আশুতোষ কর্মকার, ডা. দাউদ খান, ছরোউদ্দীন, মনিরুল ইসলাম, কামরুল মাষ্টার, দিদারুল, কার্তিক পাল, আইয়ুব, বিমলসহ আরও অনেকের সামাজিক মান সম্মান ক্ষুন্ন করে বিচারের নামে তাদেরকে মারধরসহ ভয়ভীতি প্রদর্শন করে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়না। সোমবার (২ মার্চ) রামনগর বাজারে নির্ধারিত স্থানে সৌর প্যানেল বসানো হলে তিনি সেখান থেকে তুলে নিয়ে সেটি তার সুবিধামত স্থানে বসিয়েছেন। এবিষয়ে আমি প্রতিবাদ করলে তিনি আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবেন বলে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে মেম্বরের বিরুদ্ধে আশাশুনি থানায় ১১৩ নং একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। এ ব্যাপারে ইউপি সদস্য মুজিবর রহমানের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন- যে সম্পত্তি দখলের অভিযোগ করা হয়েছে সেটা আমি ইজারা নিয়ে দখলে আছি। যেখানে কারেন্ট আছে সেখান থেকে সরিয়ে অন্ধকার স্থানে সোলার প্যানেল বসানো হয়েছে। এছাড়া অন্যান্য অভিযোগ গুলি ভিত্তিহীন।

Leave a Reply