কালিগঞ্জে মোটর সাইকেল চোরচক্রের এক সদস্য আটক
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মোটর সাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৩)। তিনি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালি গ্রামের মৃত আলী বক্সর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেল চোরচক্রের সদস্য সিরাজুল ইসলাম মোটর সাইকেল চুরির উদ্দেশ্য উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে মোহাম্মদ আলাউদ্দিনের বাড়িতে প্রবেশ করে। এরপর সে ওই বাড়ির বারান্দায় রাখা হিরো হোন্ডা মোটর সাইকেল এর তালা ভাঙার চেষ্টা করছিল। বিষয়টি আলাউদ্দিনের পিতা মোসলেম গাজী বুঝতে পেরে কৌশলে চোর সিরাজুল ইসলামকে জাপটে ধরে। এ সময় দু’জনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা বুঝতে পেরে চোর সিরাজুল ইসলামকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, সিরাজুল ইসলাম এক জন দুর্ধর্ষ চোর। তার নামে জেলার বিভিন্ন থানায় ৮ টি চুরি মামলা রয়েছে। আসামিকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply