সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নের ধাপুয়ারচক গ্রামের হোমিও ডা. মাহবুব আলম আনজিরের বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। পরিবার সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় সকাল ১০ টার দিকে হোমিও ডা. মাহবুব আলম (আনজির) নুরনগর বাজারে তার চেম্বারে যায়। তার মেয়ের এসএসসি পরীক্ষা থাকার কারণে স্ত্রী মেয়ের সাথে কালিগঞ্জ পালট স্কুলে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে কৈখালী ইউনিয়নের নৈকাটি গ্রামের খলিল গাজীর ছেলে ইউনুচ গাজী (৩২) ডাক্তারের বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এ সময় স্থানীয় বাসিন্দা রিজিয়া রাস্তা থেকে দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। রিজিয়ার ডাক চিৎকারে এলাকার লোক জন এসে ইউনুচ গাজীকে হাতে নাতে ধরে ফেলে। এলাকবাসী তাকে আটক করে থানার সংবাদ দিলে শ্যামনগর থানার এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ইউনুচ গাজী ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।
