নায়েব ছেলের বিরুদ্ধে অসহায় বৃদ্ধ পিতার সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় নায়েব ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় বৃদ্ধ পিতা। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই আকুতি জানান, শহরের ইটাগাছা পশ্চিমপাড়া এলাকার মৃত হাজের গাজীর ছেলে মো. তারু গাজী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ১০ সন্তানের মধ্যে বড় ছেলে মো. রফিকুল ইসলাম ভূমি সহকারী (নায়েব) পদে চাকুরি করে। সে বর্তমানে আশাশুনি উপজেলার আনুলিয়া ভূমি অফিসে পদে কর্মরত আছে। সম্প্রতি আমার ভিটাবাড়ির অংশ থেকে জোরপূর্বক সামনের অংশ দখল করে বাড়ি নির্মাণ করেছে রফিকুল। বর্তমানে সে পিছনে থাকা আমার অন্যান্য সন্তানের অংশের সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর এ কারণে তাদের যাতায়াতের রাস্তা আটকে এবং বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, ওই সন্তান নামের কলঙ্ক নায়েব রফিকুল বাবা-মা’র ভরন-পোষণ তো দূরের কথা তার মা’কে একাধিকবার মারপিটও করেছে। এছাড়া বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। এবিষয়ে আমার ছোট ছেলে মো. আরিফুল ইসলাম প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দেয়।
তিনি আরো বলেন, আমি মধ্যবিত্ত পরিবারের কৃষক হয়েও অতি কষ্টে সন্তানদের মানুষের মত মানুষ করার চেষ্টা করে লেখাপড়া শিখিয়েছিলাম। আজ সেই সন্তান বড় হয়ে চাকুরি পেয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে মা-বাবাকে দেখে না। তাদের খেতে পরতে দেয় না। এছাড়া নিজের অনেক সম্পত্তি থাকলেও অন্যান্য ভাই-বোনদের সম্পত্তি অবৈধভাবে ভোগদখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এরই জের ধরে গত ২৪ ফেব্রæয়ারি সকালে আমার ভিটে বাড়ির পিছনে বসবাসকারী সন্তানদের যাতায়াতের রাস্তা আটকানোর বিষয়ে প্রতিবাদ করায় রফিকুল, তার স্ত্রী জাহানারা খাতুন ও মেয়ে সাদিয়া আফরিন নিশু আমার স্ত্রী ছালেহা খাতুনকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে। আমার বৃদ্ধা স্ত্রী এমনিতেই অসুস্থ। এখন ছেলে রফিকুলের ইন্ধনে তার স্ত্রী ও সন্তানদের মারপিটে আমার স্ত্রীর ছালেহার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। এবিষয়ে আমার ছোট ছেলে প্রতিবাদ করলে তাকে ২০/৫০লক্ষ টাকা খরচ করে হলেও হত্যা করে ঝামেলা সরিয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করেছে তারা। তিনি ওই সম্পদ লোভী নায়েব ছেলে রফিকুল ইসলামের হাত থেকে অন্যান্য সন্তানদের সম্পত্তি রক্ষা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেন।

Leave a Reply