নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জানাজা পড়তে এসে লাশ হয়ে ফিরলেন আব্দুস সাত্তার মল্লিক (৪৫) নামে এক সাইকেল আরোহী। তিনি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ্বরপুর গ্রামের মোহাম্মদ মাদার আলী মল্লিক’র ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার জোহরের নামাজের পর আব্দুস সাত্তার তার নিকটতম আত্মীয় উপজেলা সদর বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত তমির গাজীর ছেলে মৃত মোহর আলী (৯০) এর জানাজা পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে সাইকেল যোগে বাজারগ্রাম রহিমপুর ঈদগাহ চত্বরের দিকে আসছিলেন। পথিমধ্যে কালিগঞ্জ- শ্যামনগর সড়কের মোসলেম’র হাটখোলা নামক স্থানে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা শ্যামনগরগামী স্বপ্নীল পরিবহণ (ঢাকা মেট্রো-ব ১১-৮০৮১) তাকে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আহত সাত্তার মল্লিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোয়াজ আবরার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিবহণটি আটক করতে সক্ষম হলেও পরিবহণের চালক ও হেলপার পালিয়ে যায়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
