ডেস্ক রিপোর্ট: শ্যামনগর ভুরুলিয়ার সিদ্দিক কর্তৃক সংখ্যালঘু পরিবারের সদস্যের জমির উপর দিয়ে পানি সরাতে না দেওয়ায় তাদের খুন জখমের হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের মৃত কেদার নাথ মন্ডলের ছেলে ভুক্তভোগী হিমাংশু কুমার মন্ডল। তিনি লিখিত বক্তব্যে বলেন, শ্রীফলতলা মৌজায় ৭৫,৯৯ ও ৮৪ দাগে আমার .৪৪ শতক জমি রয়েছে। উক্ত জমিটি বিলের অন্যান্য জমির তুলনায় উঁচু হওয়ায় জমিটি বীজতলা হিসাবে দীর্ঘদিন ধরে আমি ব্যবহার করে আসছি। ওই বীজ নিয়ে পরবর্তীতে অন্যান্য জমিতে চাষাবাদ করা হয়। কিন্তু উক্ত সম্পত্তির উপর কুনজর পড়ে একই ইউনিয়নের সিরাজপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু মৃত. হানিফ মহাজনের ছেলে সিদ্দিকুর রহমানের। সে কৌশলে উক্ত সম্পত্তি দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু দখল করতে না পেরে উক্ত সম্পত্তিটি মূল্যহীন করার উদ্দেশ্যে তার বসতবাড়ির পানি নিষ্কাশনের জন্য জোরপূর্বক সরকারি রাস্তা কেটে ইউড্রেন নির্মাণের ষড়যন্ত্র শুরু করে। সেখানে উক্ত ইউড্রেনটি হলে আমার বীজতলার জমিটি বছরের অধিকাংশ সময় পানিতে তলিয়ে থাকবে। ফলে আমার বীজতলা নষ্ট হবে। চাষাবাদের ক্ষেত্রে আমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হব। এমতাবস্থায় তিনি (হিমাংশু মন্ডল) উক্ত ভূমিদস্যু সিদ্দিকুর বাহিনীর হাত থেকে তার বীজ তলার সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
