ডেস্ক রিপোর্ট: শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় সরকার প্রণীত “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০২২” বাস্তবায়নে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা পাচার প্রতিরোধ কমিটি, শিশু প্রতিনিধি ও বেসরকারি সংগঠন ইনসিডিনি বাংলাদেশের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইনসিডিনি বাংলাদেশের প্রোগ্রাম ও লিগ্যাল সাপোর্ট ম্যানেজার অ্যাড. রফিকুল ইসলাম খান।
তিনি তার লিখিত বক্তব্যে এ সময়, মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০১৮-২০২২ বাস্তবায়নের জন্য মানব পাচার অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা, মানব পাচার দমন, মানব পাচার প্রতিরোধ, সচেতনতা ও জন সম্পৃক্ত বৃদ্ধি কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পাচার প্রতিরোধ কমিটি সচল ও শক্তিশালী করা এবং বাজেট বরাদ্দ করাসহ নানা দাবি তুলে ধরেন।
