লাবসা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টশন
ডেস্ক রিপোর্ট: লাবসা ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় লাবসা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা আইন সহায়তা কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার যৌথভাবে এ ওরিয়েন্টশন সভার আয়োজন করে। লাবসা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারি খরচে আইনি সেবা গ্রহণ করে ইউনিয়নের গরিব, অসচ্ছল, অসহায় ও নির্যাতিত মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। তবে সরকারের বিনা খরচে আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে হবে। এলাকার প্রতিটি গ্রামে লিগ্যাল এইডের কার্যক্রম ও সরকারের সহযোগিতার বিষয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে সকলকে জানাতে কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি এসময় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের আওতায় লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশনে পিপিজে-সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সরকারের আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এবং লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মোস্তাক আহমেদ। ওরিয়েন্টশনে তিনি জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটির পরিচিতি, তাদের সাথে যোগাযোগ এবং ইউনিয়ন কমিটির সদস্যদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি সরকারের বিনা খরচে এই আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে কে বা কারা এ আইনি সেবা (বিনা খরচে এই আইনগত সহায়তা) পাবে, কি ধরনের সহায়তা পাবে সে বিষয়ে উপস্থিত কমিটির সদস্যদের ধারণা প্রদান করেন। একই সাথে সরকারি খরচে আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়ন ও গ্রামের অসহায়, দরিদ্র মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি গ্রামে লিগ্যাল এইড সম্পর্কে প্রচার করার আহŸান জানান এবং পিপিজে-সাতক্ষীরা প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। পিপিজে-সাতক্ষীরা প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজীব কামালের পরিচালনায় ওরিয়েন্টেশনে ইউনিয়ন পরিষদের সচিব ও কমিটির সদস্য সচিব মতিউর রহমান, ইউপি সদস্য সাজেদা বেগম, ফেরদৌসি ইসলাম, সুপিয়া খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল কুমারসহ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply