আশাশুনি প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলুন, শিক্ষাকে হ্যাঁ বলুন’ এ অঙ্গীকারে আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ঢালী সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সহকারী শিক্ষক মঞ্জুর হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সহকারী শিক্ষক অমল কৃষ্ণ মন্ডল প্রমুখ। মতবিনিময় শেষে মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বাল্য বিবাহ প্রতিরোধে “১৮’র আগে বিয়ে নয়” শপথ বাক্য পাঠ করান। সব শেষে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের নির্দিষ্ট একটি রুমে ‘সততা স্টোর’ উদ্বোধন করেন ইউএনও মীর আলিফ রেজা।
