সংবাদ প্রকাশের জের: সাতক্ষীরা বাইপাস সড়কে দুর্ঘটনায় আহত এতিম শিশুটির সু-চিকিৎসা হচ্ছে
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এতিম শিশুর সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পেরে রোববার রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. হাফিজ উল্লাহকে এতিম শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দেন তিনি। সদর হাসপাতালের চিকিৎসকরা তার নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. হাফিজ উল্লাহ। এদিকে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএমবার) সোমবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে যান। এ সময় এতিম শিশুটির সার্বিক খোঁজ খবর নেন এবং ১০ হাজার টাকা শিশুটির মায়ের হাতে প্রদান করেন। এছাড়া সিভিল সার্জন, আর এম ও সহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে শিশুটির চিকিৎসার বিষয়ে কথা বলেন। এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শাহীন বলেন, শিশুটির সু-চিকিৎসা চলছে। তার একটি পা ভেঙে গেছে। তার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি হচ্ছে। এমনকি তার সিটি স্ক্যানের টাকাও নেয়া হয়নি। একটু সময় লাগবে। তবে পূর্বের চেয়ে বর্তমানে শিশুটি সুস্থ আছে। উল্লেখ্য, রোববার বাইপাস সড়কে মোটরসাইকেলের ধাক্কায় একটি পা ভেঙে গুরুতর আহত হয় শহরের কুখরালী এলাকার মৃত হাবিব হোসেনের শিশু কন্যা মরিময়। স্থানীরা তাকে দ্রæত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। তার পিতা কয়েক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় মাতা লাইলী খাতুন রাইস মিলে কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ বিষয়ে আহত শিশু মরিময়ের মা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের প্রকাশিত সংবাদের কারণে আজ আমার মেয়েকে বিনামূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে। আমি আপনাদের কাছে চির-ঋণী হয়ে রইলাম।

Leave a Reply