Sunday, 6 September 2026

আগরদাড়ি ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানি অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 14 October 2019, 21:00

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়ন ভূমি অফিসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবায় জনগণকে হয়রানির অভিযোগ উঠলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ সংক্রান্ত অভিযোগে অভিযুক্তদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। জেলা প্রশাসক এ সময় সদর উপজেলার আগড়দাড়ি ইউনিয়নের তোহা বাজারের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার নির্দেশ দিয়ে বলেন, তোহা বাজার হবে সবজি বাজার। মানুষ এখানে এসে তাদের পণ্য বিক্রি করার জন্য বসবে, বিক্রি করবে। স্থায়ীভাবে কোন কিছু করা যাবে না। তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, ভূমি সেবায় হয়রানি কমাতে জেলা প্রশাসন থেকে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। আপনারাও সহযোগিতা করুন। কেউ অবৈধ সুবিধা চাইবেন না, সুযোগ নেবেন না। তিনি আরও বলেন, এখন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মতো ইউনিয়ন ভূমি অফিসেও গণশুনানি চলবে। কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এ সময় গণশুনানিতে আগত স্থানীয় জনগণের কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যাসমূহ সমাধানের নির্দেশ দেন। গণশুনানিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, সদর এসিল্যান্ড মো. আসাদুজ্জামান, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালি, শিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদসহ স্থানীয় জনগণ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *