শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর জনগুরুত্বপূর্ণ খেয়াঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সিডিও ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিট এবং গড়কুমারপুরের স্থানীয় জনগোষ্ঠী। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় গড়কুমারপুর খেয়াঘাটে বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এলাকার শত শত মানুষ মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, খেয়াঘাটটি এলাকার হাজারও ছাত্র ছাত্রী, ব্যবসায়ী সহ এলাকার মানুষের জন্য পারাপারের একমাত্র স্থান হলেও এটা সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত পারাপারের জন্য নানা ধরনের সমস্যায় পড়তে ছোট থেকে বড় সকলের। বক্তারা আরও বলেন, এমন কোনো দিন নেই ঘাট পার হতে গিয়ে দু’একজন নদীতে পড়ে যায় না। স্থানীয় জনগোষ্ঠীর দাবি ঘেয়াঘাট সংস্কার হলে তাদের প্রতিদিনের নিত্য সঙ্গী সমস্যার হাত থেকে বাঁচতে পারবে তারা। সিডিও ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিট সভাপতি মহসিন এর সঞ্চালনায় এ সময় গড় কুমারপুর কমিউনিটি ক্লিনিকের ডা. ইমদাদুল ইসলাম, গড়কুমারপুর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর হোসেন, সিডিও ইয়ুথ টিম পদ্মপুকুর ইউনিটের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান (ফারজু), ক্রীড়া সম্পাদক আনারুল ইসলাম সহ স্থানীয় জনগোষ্ঠী উপস্থিত ছিলেন।
