নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নদীর ভেড়ীবাঁধ ও জনগণের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা স্বার্থান্বেষী মহলের কারণে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টার দিকে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বয়ক শেখ ইকবাল আলম বাবলু, উপজেলা তরুণ লীগের সাবেক সহ-সভাপতি ময়নুদ্দীন খান মনি, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মৎস্য ব্যবসায়ী আব্দুর রব, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান খাঁন, ব্যবসায়ী আজমল হোসেন, আসাদুর রহমান, সুজন হোসেন, শাকির হোসেন, আব্দুল আলিম, শহীদ হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, খান বাহাদুর আহছান উল্লাহ (র:) সেতুর দক্ষিণ পারে সেতুর নিচ থেকে ঘোজাডাঙ্গা, গোবিন্দকাটি গ্রাম হয়ে শিববাবুর ইটভাটা পর্যন্ত সড়কে উপজেলার বাজার গ্রামসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করে।
কালিগঞ্জ উপজেলা সদরে এই সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য উপযোগী নয়। তারপরও এই সড়কের পাশে এসকে ব্রিকস্, ময়না ব্রিকস্, এসবি ব্রিকস্ নামক ইটভাটা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। তারা এই সড়ক দিয়ে ইট ও বালু, কয়লা বোঝাই ট্রাক, ট্রাক্টর, ট্রলিসহ ডাম্পার চলাচল করাচ্ছে। স্বার্থানেষী ওই মহলের কারণে রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমেও ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকায় বর্তমানে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এছাড়া কাঁকশিয়ালী নদীর ভেড়ীবাঁধটি সড়ক হিসেবে ব্যবহার হওয়ায় ভারী যানবাহন চলাচলে নদীর বাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। যে কোন মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছি। এমতাবস্থায় অতিদ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে মানববন্ধন কর্মসূচী চলাকালে এসকে ব্রিকস্’র মালিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও ময়না ব্রিকস্’র মালিক শেখ রিয়াজুল ইসলাম সড়কটি সংস্কারের জন্য প্রতিশ্রুতি দেন। কিন্তু এলাকাবাসী সেটি মানতে রাজি হয়নি। এলাকাবাসী আগামি ৩ দিনের মধ্যে সড়কটি সংস্কার না করলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারী প্রদান করেন।
