কলারোয়া প্রতিনিধি: যশোরের শার্শা থানার উলসী ইউনিয়নের ধলদায় ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাগআঁচাড়া ইউনিয়ন ফুটবল দল। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ২য় কোয়ার্টার ফাইনালে বাগআঁচাড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বাগআঁচাড়া ইউনিয়ন ফুটবল দল। ধলদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে কোন দলই গোল করতে পারেনি। বিরতির পরে খেলার ২২মিনিটের সময় বাগআঁচাড়া ইউনিয়ন ফুটবল দলের ৬নং জার্সিধারী খেলোয়াড় আশা জয়সূচক একমাত্র গোলটি করেন। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের আশা। রেফারির দায়িত্ব পালন করেন আবদুল মুজিত। তাকে সহযোগিতা করেন ইয়াছিন আরাফাত ও সেলিম রেজা। মাঠের চারিধারে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ছিল লক্ষণীয়। খেলা উপভোগ করেন ও ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলসী ইউপি চেয়ারম্যান আয়নাল হক, বাগআঁচাড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, ইউপি সদস্য মুরাদ হোসেন, সাহেদ আলি, কলারোয়া নিউজের ক্রীড়া রিপোর্টার হাবিবুর রহমান রনি, গৌতম, আলি হোসেন, সাজু হালদার, ফজলুর রহমান প্রমুখ।
