বিশ্বকর্মা পূজার মধ্য দিয়ে সাতক্ষীরায় শুরু হলো গুড়পুকুর মেলা
ডেস্ক রিপোর্ট: সনাতন ধর্মালম্বীদের সর্প দেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলায় শুরু হয় এ মেলা। মেলার সাথে সাথে বেহুলা লখিন্দরের ভাসান গানের পালা ও বটতলায় পূজা দেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজায় পুরোহিতের দায়িত্ব পালন করেন তাপস চক্রবর্তী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ১৫ দিনব্যাপী এই মেলা জমে উঠতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিনে এই মেলা শুরু হয়। শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে বসে শত শত দোকান পাট। গ্রামীণ লোকজ ঐতিহ্যের পসরা সাজিয়ে চলে বেচা কেনা। ৩শ’ বছর যাবৎ এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বলে মেলা কর্তৃপক্ষ। উল্লেখ্য ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল। এরপর ২০১১ সাল থেকে পুনরায় চালু হয় মেলাটি। সেই থেকে মেলাটি প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনীতে শহরের নির্দিষ্ট জায়গায় অনুষ্ঠিত হয়ে আসছে।

Leave a Reply