তালা প্রতিনিধি: তালায় রাতের আঁধারে রুগ্ন গরু (গাভি) জবাই করে মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক মাংস ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জাতপুর বাজারে মাংস বিক্রির সময় বিক্রেতাকে হাতে-নাতে ধরে ফেলে। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২/৫৩ ধারা মোতাবেক উপজেলার আলাদিপুর গ্রামের ইউসুফ শেখর ছেলে রবিউল শেখ (৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। উদ্ধারকৃত মাংসে কেরোসিন ঢেলে মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযান পরিচালনাকালে প্রসিকিউশন অফিসার উপজেলা স্যানিটারি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও জাতপুর ক্যাম্প ইনচার্জ এস আই সাহিদুর রহমান উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানায়, জবাইকৃত গাভিটি কয়েক দিন পূর্বে একটি মৃত বাছুর জন্ম দেয়। এরপর গাভিটিও মারাতœকভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে বুধবার গাভিটিকে জবাই করলে এলাকাবাসী ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত উক্ত জরিমানা আদায় করেন।
