Sunday, 6 September 2026

শ্যামনগরে নিজ বাড়ি থেকে অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

admin ঢাকা
আপডেট: 29 August 2018, 00:27

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে অপহরণ মামলার ভিকটিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। আটককৃতের নাম মোমিনুর রহমান। মঙ্গলবার (২৮ আগস্ট) ভোর ৬টার দিকে তার নিজের বাড়ি থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। ভিকটিম উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের ওহাব গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজের ছেলেকে অপহরণের মিথ্যা নাটক সাজিয়ে মোমিনের পিতা ওহাব গাজী বাদী হয়ে ২০১৩ সালের ১০ই জানুয়ারি শ্যামনগর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। ঐ মামলায় আসামি করা হয় উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল বাসার, এরশাদ আলী, তাহের আলী এবং প্রতিবেশী জহুর আলী গাজীর স্ত্রী ফরিদা খাতুনকে। মামলা পরবর্তীতে আসামিরা জামিনে মুক্তি পেয়ে সন্ধান করতে থাকে মোমিনের অবস্থান সম্পর্কে। ভিকটিম মোমিনুর রহমান মাঝে মাঝে গভীর রাতে নিজের বাড়িতে আসলেও ভোর না হতেই সে পালিয়ে চলে যেত বলে জানান স্থানীয় আনসার আলী গাজীসহ আরো অনেকে। পাঁচ বছর পালিয়ে থাকার পরে মঙ্গলবার (২৮ আগস্ট) ভোর রাতে নিজের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই মোমিনকে আটক করে রেখে থানায় খবর দেয় এলাকাবাসী। এসময় এলাকাবাসী শ্যামনগর থানা পুলিশকে জানালে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় শরিফুল, আ. রহমান, সানা গাজীসহ অনেকে বলেন, জমি-জায়গা সংক্রান্ত বিরোধের কারণে মিথ্যা মামলা করে মোমিনের পরিবার। এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন মোমিনের উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *