ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে কয়েকটি বিল খাল ও নদী হতে নেট-পাটা অপসারণ না হওয়ায় এলাকার জলাবদ্ধতা দেখা দিয়েছে। ইউনিয়নের কয়েকটি বিল ও খালে অর্ধ-শতাধিক জায়গায় নেট-পাটা দিয়ে দখল করে রেখেছে কিছু অসাধু জমি দখলকারীরা। গত ২২ আগস্ট “জলাবদ্ধতা দূরীকরণে নাগরিক সংলাপ” শীর্ষক সভায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল খাল ও বিলের পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করার ঘোষণা দিলেও এখনও মুক্ত হয়নি এই ইউনিয়নের খাল-বিলের নেট পাটা। স্থানীয়রা বলছেন, এসব খাল ও বিল প্রভাবশালীরা দখল করে আছে ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসের সহযোগিতায়। জেলা প্রশাসক জলাবদ্ধতা নিরসনে জোরালো পদক্ষেপ গ্রহণ করলেও ফিংড়ী ইউনিয়নে বেশ কয়েকটি খালে ও বিলে নেট-পাটা দিয়ে পানির অবাধ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইউনিয়নের গোবরদাড়ী, জোড়দিয়া বিলের খাল হয়ে বুড়ামারার খাল, গাভার খাল, ফিংড়ীর খালে পঞ্চাশের অধিক স্থানে নেট-পাটা দিয়ে মাছ চাষ করছে এক শ্রেণির প্রভাবশালীরা। এদিকে বাঁকড়া, ব্যাংদহা ও গাভার উপর দিয়ে বয়ে যাওয়া মরিচ্চাপ নদীতেও বিভিন্ন জায়গায় বাঁধ এবং নেট-পাটা দিয়ে দখল করা হয়েছে। এসব খাল ও নদী হতে বাঁধ ও নেট-পাটা অপসারণ না করলে স্থায়ী জলাবদ্ধতার রূপ নিতে পারে বলে মনে করেন স্থানীয়রা। জলাবদ্ধতা দূরীকরণে ফিংড়ী ইউনিয়নের খাল ও নদীতে বাঁধ-নেট-পাটা দ্রæত অপসারণ করে ইউনিয়নকে জলাবদ্ধতামুক্ত করতে জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
