কলারোয়া প্রতিনিধি: গত কয়েকদিনের বৃষ্টিতে কলারোয়া পৌরসদরের প্রধান সড়কের বেহাল দশায় নাস্তানাবুদ হচ্ছেন পথচারীরা। উপজেলা সদরের বুকচিড়ে যাওয়া যশোর-সাতক্ষীরা সড়কটির কয়েকটি স্থানে পিচ-পাথর-খোয়া উঠে রীতিমত গর্তে রূপ নিয়েছে। সেখানে কাদা পানি আর ছোট ছোট পাথরকুচিতে চলাচলে সীমাহীন সমস্যার মুখে পড়ছেন যাতায়াতকারীরা। সড়ক যেনো মহাবিপদে রূপ নিয়েছে। পানি জমে একাকার হয়ে যায়। পানির নীচে গর্ত দেখা না যাওয়ায় ভোগান্তিআর দুর্ভোগে পতিত হচ্ছেন ভূক্তভোগিরা। চলমান বৃষ্টি শুরুর অনেক আগেই রাস্তার ওই সকল স্থান অনুপযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা না নেয়ায় জন দুর্ভোগ বেড়েছে বর্তমানে। সড়কের পাশাপাশি পৌর সদরের বিভিন্ন সড়কেরও একই রকম করুণ অবস্থা। উপজেলা সদরের কলারোয়া বাসস্ট্যান্ড, হাইস্কুল মোড়, রুচিরা বেকারির সামনে, থানার সমানে, যুগিবাড়ি এলাকার যশোর-সাতক্ষীরা সড়ক এবং পৌরসভাধীন মহেন্দ্র স্ট্যান্ড থেকে শুরু করে হাসপাতাল রোডের বেশ কয়েকটি স্থান, পাকা ব্রিজ থেকে মির্জাপুর ও বেত্রবতী হাইস্কুল মোড় এলাকা পর্যন্ত রাস্তার করুণ দশায় নাজেহাল সকলে। রাস্তাগুলোর বহু স্থানে গর্ত ও খানাখন্দে পরিণত হয়ে ঘটছে দুর্ঘটনাও। এলাকার জনসাধারণ ও পথচারীদের প্রশ্ন- ‘আর কবে হবে এই রাস্তার সংস্কার? কবে ভোগান্তি থেকে পাবে মুক্তি? তারা অবিলম্বে রাস্তা সংস্কার করে জনভোগান্তি থেকে রেহাই দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
