ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আয়োজনে ভোমরা স্থল বন্দর চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আশু, চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, পরিচালক মনিরুল ইসলাম মিনি, সিএন্ডএফ সহ-সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাবেক সহ-সভাপতি আবু মুছা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, আমদানি-রপ্তানি কারক সভাপতি গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, বন্দর কর্তৃপক্ষের সাথে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক ভারতীয় আমদানি পণ্য খালাসে শ্রমিক সরবরাহের কথা। এজন্য টন প্রতি প্রায় ৫৫ টাকা গ্রহণ করা হলেও চাহিদা অনুযায়ী শ্রমিক সরবরাহ করা হচ্ছে না। তারা আরও বলেন, প্রতিদিন গড়ে ৪শ’ ট্রাক থেকে আদায়কৃত প্রায় ৬ লাখ টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। কর্তৃপক্ষ শ্রমিক সরবরাহ করতে না পারায় নিরুপায় হয়ে ব্যবসায়ীরা গাড়ি প্রতি বাড়তি দুই হাজার টাকা ব্যয় করে শ্রমিক জনবল কিনছেন। শ্রমিক সরবরাহের নামে বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠান (ড্রপস কমিউনেকশন) এর নামে এই টাকা গ্রহণ করছেন বলেও অভিযোগ করেন তারা। এছাড়া ভারতীয় পণ্যবাহী গাড়ি বন্দরে প্রবেশ করে সন্ধ্যার পরই ফিরে গেলেও প্রতিটি ট্রাক থেকে আদায় করা হচ্ছে নাইট চার্জ। এতে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। অন্যদিকে প্রতিবছর ৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধিরও প্রতিবাদ করেন তারা। মানববন্ধনে বক্তারা ভোমরা স্থল বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক রেজাউল ইসলামের পদত্যাগ দাবি করে বলেন, শ্রমিক নিয়োগে দুইবার টাকা দেওয়া, রাত্রি যাপন না করলেও নাইট চার্জ এবং ট্যারিফ বৃদ্ধি বন্ধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
