তালা প্রতিনিধি: প্রেমে ব্যর্থ হয়ে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগানো বিশ্বজিৎ দে (২২) মারা গেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশ্বজিৎ তালা উপজেলার গোপালপুরের সন্তোষ দে’র ছেলে। স্থানীয়রা জানান, বিশ্বজিৎ দে’র সাথে হরিশচন্দ্রকাটির জনৈকা কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার সে তার প্রেমিকার পরিবারকে তাদের সম্পর্কের ব্যাপারে বোঝাতে কয়েকজন বন্ধুকে প্রেমিকার বাড়িতে পাঠায়। এ সময় প্রেমিকার বাড়ির লোকজন তাদেরকে ধরে মারপিট করে। উল্লেখ্য গত ৩১ আগস্ট সকালে হরিশচন্দ্রকাটি ঋষিপাড়ায় প্রেমিকার বাড়িতে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে। এ সময় কারো কোন সাড়া না পেয়ে সে নিজ শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সারা শরীরে আগুন ধরে গেলে সে নিজেই পার্শ্ববর্তী পুকুরে লাফ দেয়। এতে সে তাৎক্ষণিক প্রাণে বেঁচে গেলেও তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবশেষে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
