শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতা-মাতাকে মারপিটের অভিযোগ
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতা-মাতাকে মারপিট ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা শ্যামনগর থানায় পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, টেংরাখালী গ্রামের মৃত এলাম বক্স গাজীর পুত্র মো. দাউদ আলী গাজী (৭৫), স্ত্রী সাহেদা বেগম (৬৫) ও পুত্র রফিকুল ইসলাম (১৮) কে সব সময় নানা ভাবে নির্যাতন ও মারপিট করে আসছে বৃদ্ধর বড় পুত্র মো. আব্দুল আলিম (৩২)। বৃদ্ধ দাউদ আলী বলেন, ১০-১২ বছর পূর্বে আমার পুত্র আব্দুল আলিম আমার সব কিছু বিক্রয় করে আমাকে সর্বশান্ত করে বাড়ি থেকে যশোরে চলে যায়। সেখানে গিয়ে সে মাদক ব্যবসায়ে জড়িয়ে পড়ে। পরবর্তীতে আবারও বাড়িতে আসে এবং আমার, আমার স্ত্রী ও ছোট পুত্রকে নির্যাতন সহ মারপিট করে। শুধু মারপিট আর নির্যাতন করে শান্ত হয়নি আমার তৈরি করা ঘর-বাড়ি ভেঙে নিজের ইচ্ছামতো ঘর-বাড়ি তৈরি করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমরা অন্যের বাড়িতে বসবাস করছি। গত বুধবার ও বৃহস্পতিবার আব্দুল আলিম আবারও পিতা-মাতা ও ছোট ভাইকে মারধর করে। অসহায় হয়ে বৃদ্ধ দাউদ আলী শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা এ এস আই সাইফুল বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে’। বৃদ্ধ পিতা-মাতার উপর নির্যাতকারী পুত্র আব্দুল আলিমের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বৃদ্ধাসহ এলাকাবাসী ।

Leave a Reply