শ্যামনগর প্রতিনিধি: ভুয়া চেকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় এবং প্রতারকের হাত থেকে রক্ষা পেতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জিএম শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন- শ্যামনগর উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের মৃত আমীর আলী মোল্যার পুত্র নজরুল ইসলাম ভুয়া চেক দেখিয়ে ৭ লাখ টাকা দাবি করে শহীদুলের বিরুদ্ধে সিআর-২১৬/১৫ নং মামলা করে। এ মামলায় আদালত জানতে পারে বিবাদী জিএম শহীদুল ইসলাম চেক দাতা বা চেকের মালিক নয়। তার চলতি হিসাব নং- ২৪২। চেক দাতা বা চেকের প্রকৃত মালিক হলেন- উপজেলার দাতিনাখালী গ্রামের আব্দুল ওহাব গাইনের পুত্র মো: সহিদুল এবং তার হিসাব নং সঞ্চয়ী আমানত-৫৫৩২। এটা জানার পরেও আদালতের নির্দেশে বিবাদী জিএম শহীদুল ইসলাম সাড়ে ৩ লাখ টাকা দিয়ে জামিন নিয়েছে। এর পরেও আদালত ভুয়া চেকের বিরুদ্ধে এবং প্রতারকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে রায় বহাল রাখায় উক্ত প্রতারকের কবল থেকে ও মিথ্যা মামলা থেকে উদ্ধার পেতে বিবাদী প্রাক্তন শিক্ষক জিএম শহীদুল ইসলাম এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আদালত, ব্যাংক ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
