আশাশুনিতে ইয়াবা বিক্রির সময় আটক-২
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুখ্যাত মাদক ব্যবসায়ী ফজলুর রহমান ওরফে গডেল (৪২) কে আবারও ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৫ আগস্ট) রাতে গডেল ও তার সহযোগী সিরাজুল ইসলামকে (৪০) ইয়াবাসহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী গডেল কমপক্ষে দশবার পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়েছে। গডেল কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মোন্তাজ সানার ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ইতোপূর্বে গডেলকে পুলিশ বহুবার মাদকসহ গ্রেফতার করলেও আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে এসে দ্বিগুণ উৎসাহে আবারও মাদক বেচা-কেনা করে থাকে। থানা সূত্র জানায়, এসআই বিজন কুমার সরকার ও এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্সের সহায়তায় গডেলকে কাদাকাটি এলাকা থেকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় ২১ পিস্ ইয়াবাসহ তাকে ও তার সহযোগী খরিয়াটি গ্রামের সাফের গাজীর ছেলে সিরাজুলকে আটক করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ৩২(০৮)১৯ একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম সোমবার (২৬ আগস্ট) সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালডাঙ্গা বাজার এলাকা থেকে আশাশুনি থানার নিয়মিত ৩৩(৮)১৯ নং মামলার আসামি আল-আমিন সরদারকে (২০) গ্রেফতার করেন। আসামিদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply