কালিগঞ্জ প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরধরে প্রতিপক্ষের ঘরে ইয়াবা রেখে ফাঁসাতে গিয়ে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন ফরজ আলী (৩২) নামে এক যুবক। তিনি কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে। রবিবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরজ আলীর সাথে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ভাটা শ্রমিক আইজুল ইসলামের বিরোধ চলছিল। এরই সূত্রধরে প্রতিপক্ষকে ফাঁসাতে যেয়ে ফরজ আলী তাইজুলের ঘরের মধ্যে এক’শ পিচ ইয়াবা গোপনে রেখে দিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশকে ফোনে খবর দেয়। এমন খবরের ভিত্তিতে সাতক্ষীরা ডিবি পুলিশের একটি দল আইজুলের বাড়িতে এসে তার বসতঘরে অভিযান পরিচালনা করে এক’শ পিচ ইয়াবা উদ্ধার করে। এসময় ডিবি পুলিশ মূল হোতা ফরজ আলীসহ ওই গ্রামের আকবর আলীর ছেলে আতিয়ার রহমান, ছেফাতুল্যাহ গাজীর ছেলে এলোম গাজী ও ছামসুর রহমান গাজীর ছেলে মিজানুর রহমান গাজীকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি শত্রুতামূলক সাজানো হয়েছে প্রমাণিত হওয়ায় মূল হোতা ফরজ আলী ছাড়া সবাইকে ছেড়ে দেয় ডিবি পুলিশ। এদিকে এঘটনার মূলহোতা ফরজ আলীর বিচারের দাবিতে রঘুনাথপুর মোড়ে গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা ফরজ আলীর শাস্তির দাবি জানান।
