কৃষ্ণনগরের শিখন বিনিময় ও কোর্স সমাপনী
জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী মাধ্যমিক বিদ্যালয়ে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের সহযোগিতায় শিক্ষা দল-৪ এর জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা: শিখন বিনিময় ও কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহ: শিক্ষক নির্মল কুমার সরকার। জেন্ডার অর্গানাইজার মমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ: শিক্ষক পিযুস কান্তি সরদার, সহ: শিক্ষক আইভি আক্তার, সহ: শিক্ষক নাছিমা পারভীন, জেন্ডার টেকনিক্যাল অফিসার ডালিম খান, এমসিএইচএন অর্গানাইজার তীমথি মান্না, সামাজিক দায়বদ্ধতা অর্গানাইজার মহাবুল আলম প্রমুখ। এসময় শিক্ষা দলের সদস্যরা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার শিখন সকলের মাঝে শেয়ার করেন এবং উপস্থিত অতিথিরাও জীবন দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব তাদের আলোচনার মধ্যে তুলে ধরেন। সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, “জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এ শিক্ষা সকলের মননশীলতা, সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে জাগ্রত করে। নবযাত্রা প্রকল্প শেষ হয়ে গেলেও আমরা আমাদের বিদ্যালয়ে নবযাত্রা প্রকল্পের তৈরিকৃত পিয়ার এডুকেটর ও আমাদের শিক্ষকদের সহযোগিতায় জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু রাখব।” আলোচনা শেষে উপস্থিত শিক্ষা দলের সদস্যদের মধ্যে নবযাত্রা প্রকল্প কর্তৃক শিক্ষা সনদ বিতরণ করা হয়।

Leave a Reply