কালিগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় আটক ১
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণ মামলায় আবু মুসা গাইন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের সাকাত গাইনের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন গ্রামের মেয়ে ও রঘুরামপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে পীরগাজন গ্রামের লম্পট আবু মুসা গাইন উক্ত্যক্ত করাসহ কু-প্রস্তাব দিতো। বিষয়টি ওই কলেজ ছাত্রী তার বাবা-মাকে জানালে ওই ছাত্রীর বাবা-মা আবু মুসার পরিবারের সদস্যদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষক মুসা কলেজ ছাত্রীসহ তার পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে।
গত ২৯ জুন ওই ছাত্রী বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি হতে পাশ্ববর্তী বান্ধবীর বাড়ি যাওয়ার পথে কদমতলা বাজারের পাশে কমিউনিটি ক্লিনিকের পাশেই ইট সলিং রাস্তার উপর পৌঁছালে পূর্ব হতে ওৎ পেতে থাকা ধর্ষক আবু মুসাসহ অজ্ঞাতনামা ২/৩ জন ওই কলেজ ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে কৌশলে জোর পূর্বক একটি ইজি-বাইকে নিয়ে অপহরণ করত: কালিগঞ্জ অভিমুখে নিয়ে যেয়ে অজ্ঞাত স্থানে আটক রেখে আবু মুসা একাধিকবার জোরপূর্বক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে। পরবর্তীতে ০১ জুলাই বেলা ২ টার দিকে ওই কলেজ ছাত্রী সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। গত ৬ জুলাই (শনিবার) ওই কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস অভিযান চালিয়ে ধর্ষক আবু মুসাকে আটক করে। আসামিকে বুধবার (১০ জুলাই) আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply