বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল
ডেস্ক রিপোর্ট: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাতক্ষীরা শহরের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে। ঈদের তৃতীয় দিন অতিবাহিত হলেও ছুটি শেষ না হওয়ায় প্রতিটি বিনোদন কেন্দ্রসহ ফাঁকা রাস্তাঘাটও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে পরিপূর্ণ।
ঈদুল আযহার ছুটিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষ নাড়ির টানে গ্রামে ফিরে ঈদের দিনে কোরবানি সংশ্লিষ্ট ব্যস্ততার পর বেরিয়ে পড়েন। প্রিয়জনকে নিয়ে প্রিয় কিছু মুহূর্ত স্মরণীয় করে রাখতে তারা ছুটে চলেন শহরের বিনোদন কেন্দ্রগুলোতে। এতে মোজ্জাফ্ফর গার্ডেনে দেখা যায় হাজারো মানুষের ঢল। ভিড় দেখা গিয়েছে ডিসি ইকো পার্কেও। রাজ্জাক পার্কের শিশু কর্নারেও ভিড় ছিল। এছাড়া বাইপাস সড়ক, ব্যাংদহা-সাতক্ষীরা সড়ক, মেডিকেল কলেজের পিছনের সড়ক, সাতক্ষীরা-শাল্যে সড়ক, বিনেরপোতা ধার গবেষণা কেন্দ্রসহ স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভীড় দেখা গেছে।
ঈদের দিন প্রথমার্ধে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলো লোক সমাগম খুব একটা না থাকলেও দুপুরের পর থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে স্থানীয় বিনোদন কেন্দ্রগুলো ভরে ওঠে মানুষে।
মোজাফ্ফর গার্ডেন এলাকার চটপটি বিক্রেতা রাসেল বলেন, সকালের দিকে লোক সমাগম খুব বেশি না থাকলেও দুপুরের পর থেকে মানুষের আনাগোনা বাড়তে থাকে, বেচা বিক্রিও ভালই হচ্ছে।
আকাশের অবস্থা ভালো থাকায় ঈদের পরদিন এই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। যেখানে লক্ষ্য করা যায় নানান বয়সী মানুষের উপস্থিতি। এদের মধ্যে অধিকাংশ ছিল তরুণ-তরুণী, স্বামী-স্ত্রী, পারিবারিক সদস্য এবং বিভিন্ন জেলা থেকে সাতক্ষীরায় ঈদ করতে আসা মানুষ। অনেক ছেলে-মেয়েকে পিকাপে সাউন্ড সিস্টেম নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে শহরের এমাথা ওমাথায়।
এদিকে, মেডিকেল কলেজ সংলগ্ন ডিসি ইকো পার্কে তরুণ-তরুণীরা ব্যস্ত সময় কাটাচ্ছে স্মার্ট ফোনে সেলফি উঠাতে। এদের মধ্যে রিমি বলেন, তারা সবাই দেশের বিভিন্ন স্থানে পড়ালেখা করেন। ঈদের ছুটি কাটাতে গ্রামে এসেছেন, অনেক দিন পর দেখা হয়ে সব বন্ধু-বান্ধব একসাথে ঘুরতে বেরিয়েছেন।
আব্দুল মতিন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা, ঢাকায় থাকেন, বেড়াতে এসেছেন মোজাফফর গার্ডেনে। তিনি বলেন, নৌকায় উঠবো বলে অপেক্ষা করছি, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে আসার জন্য জায়গাটা খুব সুন্দর ও মনোরম।
এছাড়া মেডিকেল কলেজের পিছনের রাস্তা এবং বাইপাস সড়কে প্রচুর ভীড় লক্ষ্য করা যায়। সাতক্ষীরা বাইপাস সড়কে ঘুরতে আসা ঢাকায় চাকরিরত একটি পরিবার জানায়, মোজাফ্ফার গার্ডেনে গিয়েছিলাম সেখানে প্রচুর ভীড় হওয়ায় খোলা বাতাসে ঘুরতে এখানে এসেছি। ঈদের পরে সরকারি ছুটি শেষ হবে আজ। ঈদের চতুর্থ দিন হলেও তাই আজও এসব বিনোদন কেন্দ্রগুলো ভরে ওঠার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply