ডেস্ক রিপোর্ট: যশোরের কেশবপুরের কিশোর শাহীনের মাথা থেতলে দিয়ে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ভোর চারটার দিকে কেশবপুরে সরফাবাদ ও বাজিতপুর গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কেশবপুরের সরফাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম ও নোরিম মোড়ল এবং একই উপজেলার বাজিতপুর গ্রামের আজগর হোসেন।
দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে তিন জনকে গ্রেফতারের বিষয়ে বলেন, শাহিনকে গুরুতর আহত করে ভ্যান ছিনিয়ে নেয়ার প্রধান হোতা নাঈমুলকে সোমবার গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে ধৃত আসামিদের বিষয়ে তথ্য দেন। সে মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশের নেতৃত্বে পুলিশের একটি দল কেশবপুরের সরফাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে জাহাঙ্গীর আলম ও নোরিম মোড়লকে এবং একই উপজেলার বাজিতপুর গ্রামের নিজ বাড়ি থেকে আজগর হোসেনকে গ্রেফতার করে। এমামলার অভিযোগপত্র আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল হবে বলে জানান পুলিশ সুপার।
প্রসঙ্গত, গত ২৮ জুন শুক্রবার জীবিকা নির্বাহের তাগিদে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীন ভ্যান চালাতে বের হয়। এ সময় তার ভ্যানে কয়েকজন যাত্রীবেশী ছিনতাইকারী ওঠে। তাদের নিয়ে কলারোয়ায় যাওয়ার পথে ধানদিয়া গ্রামে পৌঁছুলে যাত্রীবেশী দুর্বৃত্তরা তার মাথা থেতলে দিয়ে অচেতন করে ফেলে রেখে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে সে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় শাহীনের পিতা হায়দার আলী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এপর্যন্ত ৬জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
