মো. আশিকুর রহমান, নওয়াবেকী (শ্যামনগর): শ্যামনগর উপজেলায় যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুন) সকাল ১০টায় সুশিলন রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে এবং অক্সফ্যামের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। যুবকদের আত্মকর্মসংস্থান তৈরিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের ও বিভিন্ন সরকারি বেসরকারি ইনস্টিটিউট এবং বিভাগের সমন্বয়ে এই মেলার আয়োজন করা হয়। ১২২ জন যুব ও যুবা সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। মেলায় যুবকরা তাদের দক্ষতা তুলে ধরে বিভিন্ন দপ্তরে তাদের সিভি প্রদান করে। এই মেলার মাধ্যমে বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সম্পর্কে উপস্থিত যুবকরা বিস্তারিত জানতে পারে।
সুশিলন রি-কল ২০২১ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানার সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান, প্রাণী সম্পদ অফিসার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার সংগঠক আনিসুর রহমান মল্লিক। এছাড়াও সুশীলনের প্রতিনিধি তাপশ কুমার মিত্র, দিবাকর ঘোষ, মোমেনা খাতুন উপস্থিত ছিলেন।
