কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বাল্য বিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি থিয়েটার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম “নবযাত্রা” প্রকল্পের বাস্তবায়নে উপজেলার সাদপুর ফুটবল মাঠে এ অনুষ্ঠান হয়।
সাদপুর ক্রীড়া পরিষদের সভাপতি সুরমান আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা নাজমুল হাসান নাইম। এসময় তিনি বলেন কন্যা সন্তান পরিবারের বোঝা নয় পরিবারের সম্পদ। অল্প বয়স্ক একজন নারী গৃহিণী কিংবা মা হিসেবে কোনটাই কল্যাণকর নয়। অল্প বয়স্ক একজন নারী বাল্য বিবাহে আবদ্ধ হলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়াসহ সাংসারিক এবং পারিবারিক নির্যাতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, নারী সমাজের অগ্রগতি ব্যতীত এই সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী দিনগুলোতে আলোকিত ভাড়াশিমলা ইউনিয়ন গড়তে অতীতের মতো আমি আপনাদের পাশে ভবিষ্যতেও সবসময় থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা জাহিদ হাসান, ইউপি সদস্য আহম্মদ আলী, সংরক্ষিত ইউপি সদস্য মৌসুমি সুলতানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
