ব্যবসায়ীর ফলের বাগান নষ্ট করেছে প্রতিপক্ষ
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা এলাকার সাব্বির হোসেন ও নাইম হোসেন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে এক ব্যবসায়ীর পেয়ারা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন থানায় অভিযোগ দিয়েছেন। সাব্বির হোসেন (২৫) পায়রাডাঙ্গা এলাকার আব্দুল বারীর ছেলে ও পাশর্^বর্তী সীমান্ত কলেজের ছাত্র। নাইম হোসেন (২০) ঘোনা শ্রীরডাঙ্গী এলাকার বকুল হোসেনের ছেলে।
সাইফুল ইসলাম খোকন থানায় লিখিত অভিযোগে জানান, ছানকা গ্রামে ২৫ লাখ টাকা ব্যয়ে একটি পেয়ারা বাগানের প্রজেক্ট তৈরি করেছি। গত মঙ্গলবার সন্ধ্যায় সাব্বির হোসেন ও নাইম হোসেন পেয়ারা বাগানের মধ্যে লাগানো পেঁপে গাছ থেকে একটি বীজ পেঁপে চুরি করে। চুরি করার সময় বাগানের শ্রমিকরা প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয় সাব্বির ও নাইম। এই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় পুনরায় পেয়ারা বাগানে ঢুকে সাতটি ফলন্ত পেঁপে গাছ ও বেশ কয়েকটি পেয়ারা গাছ ভেঙ্গে দেয়। ব্যবসা প্রজেক্ট চালাতে দিবে না বলে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে।
এ ঘটনার বিষয়ে সাব্বির হোসেনের বাবা আব্দুল বারী জানান, রাগান্বিত হয়ে ছেলে এমন কান্ড ঘটিয়েছে। ঘটনার তদন্তে শেষে সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, পেঁপে গাছ ও পেয়ারা গাছ নষ্ট করার অভিযোগ সত্য। এছাড়া সাব্বির হোসেন নামে ছেলেটি বখাটে। অভিযুক্ত দুই ছেলেসহ তাদের পরিবারের সদস্যদের রোববার থানায় ডাকা হয়েছে। মীমাংসা করতে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply