কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত, গুরুতর আহত ১
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কাঠ ব্যবসায়ী এবং এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন এক গৃহবধূ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবু বক্কর সরদারের ছেলে কাঠ ব্যবসায়ী নাসির উদ্দীন (৫০) ও তার স্ত্রী শেফালী বেগম (৪০) মোটর সাইকেলযোগে বাড়ি থেকে নলতা হাসপাতালের উদ্দেশ্যে বের হন। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে তারা কালিগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাউখালী নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী যাত্রীবাহী বাসের (খুলনা ব-১১২১) সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় নাসির উদ্দীন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় শেফালী বেগমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, নাসির উদ্দীন ও শেফালী বেগম তার বড় ছেলে রাজুর নবজাতক সন্তানকে দেখার উদ্দেশ্যে নলতা হাসপাতালে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। শেফালী বেগমের অবস্থা আশংকাজনক বলে তারা জানিয়েছেন।
এছাড়া সকাল সাড়ে ৯ টার দিকে কালিগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের পাউখালী হাজামপাড়া মোড় নামক স্থানে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত হয়েছেন রতনপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের মোমিন গাজীর ছেলে মাছ ব্যবসায়ী বাপ্পী গাজী (২৭)। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রæত পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় মামলা হচ্ছে কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

Leave a Reply