দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও কালিগঞ্জ ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা
কালিগঞ্জ প্রতিনিধি: আক্রোশের বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাসহ সাংবাদিক ও আইনজীবীদের সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার সম্পাদক ও কালিগঞ্জ ব্যুরো প্রধানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান সাতক্ষীরার বিজ্ঞ আমলী ২নং আদালতে এই মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, কালিগঞ্জ থানার সম্মুখে মুক্তিযোদ্ধাদের নির্মিত মার্কেটে মুক্তিযোদ্ধা অফিস, একটি প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন, ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে। এখানে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম তদারকি ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। সাংবাদিকগণও তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু ব্যক্তিগত আক্রোশের বশবতী হয়ে উদ্দেশ্যমূলকভাবে দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী পত্রিকায় ‘মেসার্স তদবির মার্কেট, কালিগঞ্জ!’ শিরোনামে একটি সংবাদ প্রেরণ করলে তা গত ১৬ জুন পত্রিকায় প্রকাশ করা হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত সংবাদে মুক্তিযোদ্ধা, সিনিয়র সাংবাদিক, আইনজীবী সম্পর্কে চরম মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়। সম্মানিত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের থানার দালাল হিসেবে চিহিৃত এবং আইনজীবীদের ‘বটতলা ও গোলঘরের উকিল’ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে সম্মানিত ব্যক্তিবর্গ সম্পর্কে এধরণের অসৌজন্যমূলক ভাষা প্রয়োগ করে মনগড়া বানোয়াট সংবাদ প্রকাশ করায় মুক্তিযোদ্ধাবৃন্দের মাঝে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। অপরদিকে প্রকাশিত সংবাদে একজন সাংবাদিক হয়েও অন্যান্য সাংবাদিক সম্পর্কে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করায় উপজেলায় দায়িত্বরত বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধী সমাজের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এটাকে নিতান্তই বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেন অনেক সিনিয়র সাংবাদিক।
একপর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ অজিহার রহমান বাদী হয়ে গত ১৮ জুন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান আশেক মেহেদী এবং পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলামের বিরুদ্ধে পেনাল কোড ৫০০, ৫০১, ৫০২ ও ৫০৫ ধারায় একটি মামলা করেন (মামলা নম্বর: সিআরপি ৬১/১৯)। বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।

Leave a Reply