ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেওয়ার পরে জেলার আশাশুনি উপজেলার এক গৃহবধূ ও তার শিশু সন্তানের সন্ধান মিলছে না। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার।
সূত্র জানায়, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে গত ১৬ জুন সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা শহরে আসেন জেলার আশাশুনি উপজেলার রুইয়ার বিল এলাকার মাছুদ রানার স্ত্রী মনিরা খাতুন (২৭)। এসময় তার সাথে ছিলো তার শিশু পুত্র মাহি (৬)। দুইজনই সাতক্ষীরা শহরে আসার পরে পরিবহনযোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো। কিন্তু সাতক্ষীরা শহরে আসার পরে তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারেনি তাদের পরিবার।
ঐ দিন সন্ধ্যার সময় এ.কে ট্রাভেল্স পরিবহনযোগে ঢাকায় যাওয়ার কথা ছিলো মনিরা খাতুনের কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, সে ঢাকায় যায়নি। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও মনিরা খাতুনের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান তার ভাই মিথুন পারভেজ। নিরুপায় হয়ে মনিরা খাতুনের ভাই আশাশুনি উপজেলার কল্যাণপুর এলাকার মিথুন পারভেজ (২৯) সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯০৭, তাং- ১৭/০৬/২০১৯ ইং।
জিডি সূত্রে জানা গেছে, তার কাছে ০১৬৪৫-১৯৭৯৩৭, ০১৯০৭-৪৩১১১৬ ও ০১৬৫০-২৭২১৩০ নং মোবাইল আছে। মিথুন পারভেজ জানান, আমার বোনের মোবাইলে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তাদের সন্ধান পাওয়া গেলে ০১৭১৮-১০১৫১১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন মিথুন পারভেজ।
