কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২০১৮-১৯ অর্থ বছরের হত দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের (ইজিপিপি) কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কম শ্রমিক দিয়ে প্রকল্পের কাজ করিয়ে শতভাগ শ্রমিকের হাজিরা খাতা কলম দেখিয়ে, দিনে দুইশত টাকা হাজিরা দিয়ে চল্লিশ দিনের কর্মসূচির টাকার হরিলুটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার হেলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আঃ মজিদের বাড়ির নিকটে কাঁচা রাস্তা সংস্কারের জন্য ২২ জন শ্রমিকের কাজ করার কথা। তবে ওই ওয়ার্ডের মেম্বর মোখলেছুর রহমান সেখানে ১১ জন শ্রমিক কাজ করাচ্ছেন। আর ১১ জন শ্রমিককে কাজ না করিয়ে টাকা আতœসাৎ করছেন-এই মর্মে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত শামসুর রহমান সরদারের ছেলে মিজানুর রহমান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মোবাইলে ফোনে যোগাযোগ করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহওনেওয়াজ বলেন, কর্মসৃজন প্রকল্পে যে কয়জন শ্রমিক কাজ করবে, শুধু সে কয়জন শ্রমিককে টাকা দেওয়া হবে।
