দেবহাটা (সদর) প্রতিনিধি: দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও নারী নির্যাতন বিরোধীসহ সকল প্রকারের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে মতবিনিময় ও পথসভা করেছেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলার নাংলা বাজার, দেবহাটা উপজেলা সদরের বাজার ও পরে টাউনশ্রীপুর বাজারে জনসাধারণ ও পথচারীদের সাথে মতবিনিময় ও পথসভা করেন তিনি।
দেবহাটা থানার এসআই মনিরুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন এসআই লিটন কুমার সাহা, এসআই মোস্তফিজুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই জসিমউদ্দীন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, এএসআই দরবেশ ফকির, এএসআই জব্বার হোসেন, এএসআই সোহেল হোসেন, এএসআই প্রদীপ কুমারসহ থানার অফিসারবৃন্দ। ওসি বিপ্লব কুমার সাহা এসময় সকলকে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, নাশকতা, বাল্য বিবাহ রোধসহ সকল প্রকারের অন্যায়ের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশ থেকে মাদক নির্ম‚লে বদ্ধপরিকর, তাই মাদক দেশ থেকে নির্ম‚ল করতে সবধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কেউ বা কোন ব্যক্তি যদি মাদক সেবন বা ব্যবসা করে তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। যাদের জন্য সমাজে অশান্তি সৃষ্টি হয় তাদেরকে ওসি সতর্ক করে দিয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
