শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাতক্ষীরার দেবহাটায় পুলিশভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কালিগঞ্জ থানার ওসিসহ আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার (৯ জুন) সকাল পৌণে ১০ টার দিকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পানিরকল নামক স্থানে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম আজিজুর রহমান জানান, সাতক্ষীরা পুলিশ লাইন থেকে মাস্টার প্যারেড শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, কনস্টেবল বখতিয়ার রহমান ও ড্রাইভার কনস্টেবল অমিত কুমার পুলিশভ্যানে কালিগঞ্জ থানায় ফিরছিলেন।
পথিমধ্যে পানিরকল নামকস্থানে পৌছালে কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের (যশোর-জ-০৪-০০৪৮) সাথে পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ওসি হাসান হাফিজুর রহমান,কনস্টেবল বখতিয়ার ও অমিত কুমারসহ বাসের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।
পরবর্তীতে স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী নলতা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ওসি হাসান হাফিজুর রহমান ও অপর দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের আহত যাত্রীরা নলতা হাসপাতালসহ বিভিন্ন স্থান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে বেলা ২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অসুস্থ অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ও দুই পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে যান সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
