বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল আটক
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, বাই সাইকেল, হার্ডওয়্যার সামগ্রী, মিনি শ্যাম্পু, ভিভেল সাবান, জুতা, পঁচা গরুর মাংস ও মদ জব্দ এবং ভারতীয় গরু-বাছুর আটক করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ভোমরা বিওপির সদস্যরা ভোমরা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার টাকা মূল্যের ছয় বোতল ভারতীয় মদ জব্দ করে। একইদিন রাত ১২টায় ভোমরা বিওপির সদস্যরা লক্ষিদাড়ী এলাকা থেকে ১ হাজার টাকা মূল্যের ৫১২ পিস ভারতীয় মিনি শ্যাম্পু ও ৪৮০ টাকা মূল্যের ১২টি ভিভেল সাবান জব্দ করে।
অপরদিকে, বুধবার সকাল সাড়ে ১০টায় একই বিওপি’র সদস্যরা মন্দির পোস্ট থেকে ১৮ হাজার টাকা মূল্যের ৪৫ জোড়া ভারতীয় জুতা জব্দ করে।
মঙ্গলবার বিকাল ৩টায় কাকডাংগা বিওপির সদস্যরা কেড়াগাছি থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১০০ কেজি ভারতীয় চা পাতা ও বুধবার সকাল ৮টায় ৩৬ হাজার টাকা মূল্যের একটি পুরাতন বাই সাইকেল ও বিপুল পরিমান হার্ডওয়্যার সামগ্রী জব্দ করে।
বুধবার ভোর ৪টায় তলুইগাছা বিওপির সদস্যরা কেড়াগাছি থেকে ১০ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭ কেজি ভারতীয় চাপাতা ও বুধবার সকাল ৮টায় পদ্মশাখরা বিওপি’র সদস্যরা হাড়দ্দা মাঠ এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের বাছুরসহ একটি ভারতীয় গাভী আটক করে।
একইদিন সকাল সাড়ে ৭টায় কুশখালী বিওপি’র সদস্যরা খৈয়তলা মাঠ থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ কেজি ভারতীয় চা পাতা ও বুধবার দুপুর ১২টায় মাদরা বিওপি’র সদস্যরা মেশিন পোস্ট এলাকা থেকে ২৫ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করে।

Leave a Reply