সদর হাসপাতালের সেবার মান উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
বুধবার (২৯ মে) সাতক্ষীরা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অংশ নেন সনাক’র সভাপতি কিশোরী মোহন সরকার, সহ-সভাপতি তৈয়েব হাসান, সনাক স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডা. সুশান্ত ঘোষ, সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, ডা. কানিজ ফাতেমা, ডা. এহেছেন আরা, ডা. মো. আসাদুজ্জামান প্রমুখ।
হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার চর্চায় সনাক’র পর্যবেক্ষণ তুলে ধরা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সদর হাসপাতালের যন্ত্রাংশসহ বিভিন্ন সামগ্রী ক্রয়ে অনিয়মের বিষয়ে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
পাশাপাশি ভবিষ্যতে সকল কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা এবং সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুসারে হাসপাতালের সকল ক্রয় ও সেবা নিশ্চিত করার সুপারিশ করা হয়। তাছাড়া প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সের সেবার মানোন্নয়ন ও সেবা প্রদানে প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে সিভিল সার্জন কর্তৃক চিঠি প্রেরণ করা, দৃশ্যমান স্থানে অভিযোগ বক্স স্থাপন করা, হাসপাতালের সেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশসহ তথ্য অধিকার আইন ২০০৯ এর আওতায় নাগরিকদের আবেদন গ্রহণ ও তথ্য প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সিভিল সার্জন জানান, হাসপাতালের বিগত সময়ের ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে তদন্ত করা হচ্ছে। আগামী দিনে সকল বিষয়ে সরকারের নীতিমালা অনুসারে এবং কোন গোপনীয়তা অবলম্বন না করেই এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যদি কেউ কোন অনিয়ম করে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে। কারো বিষয়ে কোন অভিযোগ থাকলে লিখিতভাবে জানালে ব্যবস্থা নেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি
