এইচআইভি এইডস প্রতিরোধে সচেতনতামূলক সভা : পূর্বেই সচেতন হলে এইচআইভি আক্রান্ত মা থেরাপির মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দিতে পারেন
dav ফাহাদ হোসেন: এইচআইভি এইডস প্রতিরোধে অগ্রাধিকারের ভিত্তিতে বাংলাদেশের যৌনকর্মী, সমকামী ও হিজড়াদের সেবা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন (এমএসএম, এমএসডব্লিউ ও হিজরা) ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায়
লাইট হাউস এই সভার আয়োজন করে।
সভায় সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, সদর থানার ইন্সপেক্টর সেকেন্দার আলি, জেলা পরিষদ সদস্য শাহনেওয়াজ পারভিন মিলি ও সাতক্ষীরা সদস হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি।
সভায় শিক্ষক, ইমাম, সাংবাদিক, অ্যাডভোকেটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এইচআইভি প্রতিরোধে তাদের মতামত ব্যক্ত করেন। এসময় এইচআইভি এইডস বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন প্রোগ্রাম স্পেশালিস্ট এস.এম মোনোয়ার হোসেন।
এতে বলা হয়, সাতক্ষীরায় এইচআইভি পজেটিভ ব্যক্তির সংখ্যা ৭৭জন। যা গত বছর ছিল ৬৪ জন। এসময় যৌনরোগ, রোগের লক্ষণ ও রোগের প্রতিকার সম্পর্ক জানানো হয়।
বক্তারা ড্রাইভার, বস্তির মানুষ, ভ্যান-রিক্সা শ্রমিক ও অশিক্ষিতদের এ ব্যাপারে সচেতন করে তোলার আহবান জানান। পাশাপাশি এর ভয়াবহতা সম্পর্কে স্কুলে স্কুলে ক্যাম্পেইন, মসজিদে আলোচনা, বিভিন্নভাবে সভা সেমিনার, পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশের আহবান জানানো হয়।
সভায় মেডিকেল অফিসার ডা. সাইফুল্লাহ আল কাফি বলেন, পূর্বেই সচেতন হলে এইচআইভি আক্রান্ত মা থেরাপির মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দিতে পারেন।
সভায় সিভিল সার্জন ডা. মো. রফিকুল ইসলাম বলেন, সর্বস্তরের সচেতনতার পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষের পুনর্বাসন ও যৌনকর্মীদের যৌনশিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ। বর্তমানে সাতক্ষীরায় যারা এইচআইভি পজেটিভ রয়েছেন, তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থেরাপি দেওয়া হয়। খুব তাড়াতাড়ি সাতক্ষীরা সদর হাসপাতালে এ সুবিধা যোগ করা হবে। তখন এইচআইভি পজেটিভ ব্যক্তিরা ফ্রিতে সাতক্ষীরায় বসে থেরাপি নিতে পারবেন এবং যে কেউ চাইলে ফ্রিতে এইচআইভি টেস্ট করতে পারবেন।

Leave a Reply