সংবাদ সম্মেলনে ইউনাইটেড ক্লাবের দাবি : দীঘির পাড়ের তৎকালীন পাবলিক লাইব্রেরির ছাদ তাদের ৯৯ বছরের লীজ নেওয়া
ডেস্ক রিপোর্ট: শহরের ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাবের সংস্কার কাজের বিষয়ে থানায় প্রেসক্লাব কর্তৃপক্ষের মৌখিক ও লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষ।
শনিবার (২৫ মে) সকালে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের পক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত পেটুকের আড্ডায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ক্লাবটি দাবি করে, ১৯৭৭ সালের ১২ আগস্ট ২৮৩নং স্মারকের পত্রে সাতক্ষীরা পৌরসভার জলকল দীঘির উত্তর ধারে অবস্থিত সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির ছাদে ইউনাইটেড ক্লাবের পাকা ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয়। একই সাথে উক্ত ঘরের নির্মাণ কাজ শুরুর পূর্বে এস্টিমেটসহ প্লান আকারে পৌরসভায় দুই কপি দাখিল করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে উক্ত ক্লাব ঘর নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হলেও ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি ২নং স্মারকের পত্র মোতাবেক তা প্রত্যাহার করে নির্মাণ কাজ পুনরায় শুরুর অনুমতি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পৌর চেয়ারম্যান আশরাফুল হক এক আদেশে পৌরসভার জলকল দীঘির উত্তর ধারে অবস্থিত পৌরসভা মালিকানাধীন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির ছাদ (৭০ ফুট বাই ২৫ ফুট) ইউনাইটেড ক্লাবের অনকূলে ক্লাব কার্যক্রম পরিচালনার জন্য ৯৯ বছরের লীজ প্রদানের প্রত্যয়ন দেওয়া হয়।
ওই আদেশে তিনি উল্লেখ করেন, ইউনাইটেড ক্লাবের অনুকূলে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির ছাদ ৯৯ বছরের লীজ প্রদান করেন তৎকালীন চেয়ারম্যান নূর আহমদ খান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ২০ মে ক্লাবের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ক্লাবের অবকাঠামোগত সংস্কার কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই সংস্কার কাজ শুরুর পর সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক থানায় লিখিত অভিযোগ করে তা বন্ধ করে দেন। এতে আমরা হতবাক হয়েছি। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রেসক্লাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ ‘ইউনাইটেড ক্লাবের কক্ষটি পরিত্যক্ত ও প্রেসক্লাবের অনুমতি নিয়ে সংস্কার কাজ শুরুর বিষয়টি আমাদের বিস্মিত করেছে।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সদর থানা দুইপক্ষকেই কাগজপত্র দাখিলের জন্য ২৩ মে দিনক্ষণ নির্ধারণ করে দেয়- কিন্তু প্রেসক্লাব কর্তৃপক্ষ কাগজপত্র দাখিল করেনি।
সংবাদ সম্মেলনে ইউনাইটেড ক্লাব যাতে তার লীজ প্রাপ্ত স্থানে যথারীতি সংস্কার কাজ করে কার্যক্রম চলমান রাখতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সভাপতি একেএম আনিছুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জসি, জেলা যুব লীগের আহবায়ক আব্দুল মান্নান, ক্লাব কর্মকর্তা মনোয়ার হোসেন অনু, জিয়াউর সেলিম, দিদারুল হকসহ ক্লাবের শতাধিক সাবেক ও বর্তমান খেলোয়াড়।

Leave a Reply