নেশার টাকা না দেওয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে জখম
ডেস্ক রিপোর্ট: নেশার টাকা না দেওয়ায় এক ইজিবাইক চালককে পিটিয়ে জখম করেছে বখাটেরা।
বুধবার (২২ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার মাধবকাটি বলফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আহত ইজিবাইক চালক সদর উপজেলার ছয়ঘরিয়া পশ্চিম পাড়ার রেজাউল ইসলামের ছেলে আশিকুর রহমান জানান, তিনি ইজিবাইক চালিয়ে মাধবকাটি বলফিল্ডে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় মাধবকাটি ছয়ঘরিয়া এলাকার খলিলুর রহমানের ছেলে লিটন (২২), বাবুর ছেলে মাসুদ (১৯) এবং নিহা গ্রামের জনৈক রানা (১৯) নামের তিন নেশাখোর বখাটে এসে নেশার জন্য এক হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আশিকুর রহমানকে তারা লোহার রড দিয়ে এলাপাতাড়ি মারপিট করে মারাত্মক জখম করে। এসময় তার কাছ থেকে ৯০০ টাকাও ছিনিয়ে নেয় বখাটেরা। স্থানীয়রা আশিকুর রহমানকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে দায়িত্ব দিয়েছি। আসামীদের গ্রেপ্তারে পুলিশ রাতেই মাঠে নেমেছে।

Leave a Reply