সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মঙ্গলবার বিকালে বয়ে যাওয়া প্রবল গতির টর্নেডোয় ঘরবাড়ি, দোকানপাট ও গাছগাছালি বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে ৭৪টি বিদ্যুতের খুটি। এতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারচ্ছন্নস হয়ে পড়েছে গোটা এলাকা। একই সাথে বজ্রপাতে এক স্কুল ছাত্রী ও একটি গরুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, ঝড়ে উপজেলার বুধহাটা, কুল্যা, কাদাকাটিসহ বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধহাটা-চাপড়া বিদ্যুৎ লাইনের ৩৩ কেভি, ১১ হাজার ও ৪৪০ ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন লাইনের খুঁটিসহ বিভিন্ন স্থানের ৭৪টি খুঁটি পড়ে গেছে। এর মধ্যে ৩৩ কেভির ৩০টি ও অন্য লাইনের ৩১টি মোট ৬১টি উপড়ে গেছে। বাকী ১৩টি খুঁটি ভেঙে পড়েছে। ৪টি ট্রান্সফরমার ও ৯৮টি মিটার নষ্ট হয়ে গেছে।
ভোর থেকে দেড় শতাধিক শ্রমিক ও কর্মকর্তা লাইন পুনঃস্থাপন ও সংযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত অর্ধেক কাজ শেষ হয়েছে বলে জানাগেছে।
পল্লী বিদ্যুতের আশাশুনি সাব জোনাল অফিসের এজিএম জানান, সকল ক্ষমতা কাজে লাগিয়ে কাজ করা হচ্ছে।
এদিকে, ঝড়ের তা-বে উপজেলার বুধহাটা ইউনিয়নের ৯৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত ও ১৬৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সকল ইউনিয়নের সঠিক তথ্য এখনো পাওয়া না গেলেও আড়াই শতাধিক গৃহ, দোকান পাট বিধ্বস্ত বা চাল উড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বহু গাছ ভেঙে ও উপড়ে গেছে।
