ভুয়া তথ্যের প্রতিবাদ জানিয়ে কলেজ শিক্ষকের সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে ভুয়া তথ্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাটকেলঘাটার সরুলিয়া ঘোষপাড়ার কলেজ শিক্ষক কল্যাণ ঘোষ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার জ্যাঠাতো দাদা দিনেশ ঘোষের জমি আমরা দখল করিনি। দখল করার চেষ্টাও করিনি কখনও। অথচ গায়ে পড়ে তিনি ষড়যন্ত্র করেই যাচ্ছেন। আমি বা আমরা তার ছোট ভাই প্রশান্ত ঘোষকে কখনও মারপিট করিনি। তিনি কয়েক বছর যাবত ঢাকায় রয়েছেন অসুস্থ অবস্থায়। তার অসুস্থতার সাথে আমাদের কোনো যোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দাদা দিনেশ ঘোষ ২৬ এপ্রিল তারিখে বাড়ির পুকুর পাড়ে তাকে মারধর করা হয়েছে বলে যে অভিযোগ তুলেছেন, তা সব মিথ্যা। ওই দিন ওই স্থানে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে তিনি পাটকেলঘাটা থানায় যে অভিযোগ দেন তার প্রেক্ষিতে পুলিশের দুই এসআই সরুলিয়া যেয়ে জানতে পারেন কথিত মারপিটের ঘটনার সাথে আমার বা আমাদের কারও সম্পর্ক নেই। আমি ছফুরন্নেসা কলেজের শিক্ষক। সরুলিয়া হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি। আমি সরুলিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগেরও সভাপতি। কেবলমাত্র সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এসব কল্পিত অভিযোগ এনেছেন দিনেশ ঘোষ। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি সকলের প্রতি দাদা দিনেশের অপপ্রচারে কান না দেওয়ার আহবান জানান।

Leave a Reply