সমতা প্রকল্পের রেফারাল লিংকেজ কর্মশালা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় সমতা প্রকল্পের জেলা পর্যায়ের রেফারাল লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদারের সভাপতিত্বে ডিপার্টমেন্ট অফ ফরেন অফেয়ার্স এন্ড ট্রেড (ডিএফএটি) অস্ট্রেলিয়া’র অর্থায়নে পরিচালিত সমতা প্রকল্পের জেলা পর্যায়ের এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের দিকে বিশেষ নজর দিচ্ছে। কোন প্রতিবন্ধী যাতে সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার লক্ষ্য রেখে কাজ করতে হবে।
কর্মশালার সভাপতি তার বক্তব্যে প্রতিবন্ধী সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী সুরক্ষা কমিটির মিটিং নিয়মিত করার ব্যপারে জোর দেন। এছাড়াও তিনি সমাজসেবা অধিদপ্তর থেকে সঠিক পরিমাপের ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ সরবরাহ করার আশ্বাস প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুণ্ডু । বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সমতা প্রকল্পের জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ডিআরআরএ জেলা ম্যানেজার আবুল হোসেন, জেলা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ড. এস এম হেলাল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার প্রমুখ। কর্মশালা সঞ্চালনা করেন সমতা প্রকল্পের ডিজএ্যবল্ড এ্যন্ড ইনক্লুসন ট্রেইনার মৌসুমি লিয়ানা।

Leave a Reply