দেবহাটায় চার মাংস ব্যবসায়ী ও দুই মোটরসাইকেল চালককে জরিমানা
পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাংস ব্যবসায়ী ও মোটরযান নিয়ন্ত্রণ আইনে দুই মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
বৃহস্পতিবার (৯ মে) দুুপুরে উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দুইজন মোটর সাইকেল চালককে ছয়শ টাকা এবং সখিপুর বাজারে মাংসের দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চারজন মাংস ব্যবসায়ীকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে সখিপুর বাজারের প্রত্যেকটি সবজি, মাছ, ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে দ্রব্যমূল্য ও মেয়াদ যাচাই করার পাশাপাশি দোকান মালিকদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল থেকে বিরত থাকার নির্দেশনা দেন ইউএনও।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পবিত্র রমজান মাসব্যাপী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী যদি খাদ্যে ভেজাল কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মাধ্যমে মানুষকে প্রতারিত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply