পারুলিয়ায় জেলিয়াপাড়া স্কুলে যাওয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নের জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। ইটের সোলিংকৃত রাস্তাটির বিভিন্ন স্থান থেকে ইট উঠে যাওয়ায় চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
স্থানীয়রা জানায়, দক্ষিণ পারুলিয়া জেলিয়াপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে পারুলিয়া ঘোষপাড়াগামী ইটের সোলিংয়ের রাস্তাটি দিয়ে প্রতিদিন জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ ঘোষপাড়া, সরকারপাড়া, তিবর পাড়াসহ বিভিন্ন এলাকার হাজারো মানুষ পারুলিয়াসহ বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য সাইকেল, মোটর সাইকেল, ভ্যান কিংবা পায়ে হেটে চলাচল করে। কয়েক মাস হলো রাস্তাটি ইট উঠে গিয়ে করুন দশার সৃষ্টি হয়েছে। এর সাথে সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে দিন-রাত বৃষ্টি হওয়ায় রাস্তাটি কাদাপানিতে পরিণত হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তায় প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এই রাস্তা দিয়েই শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাচ্ছে স্কুলে।
জেলিয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, এই রাস্তা দিয়ে তাদের কষ্ট করে স্কুলে যেতে হয়। স্কুলে যেতে গিয়ে প্রায় সমস্যা হয়। পড়ে গিয়ে বই-খাতায় কাদা মেখে যায়। ড্রেস ভাল থাকে না।
স্থানীয় মুদি ব্যবসায়ী কামরুল হোসেন জানান, আমি নিজ বাড়িতে মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে থাকি। দোকানের মালামাল কিনতে প্রতিদিন পারুলিয়া বাজারে যেতে হয়। কিন্তু স্কুলের সামনের রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় ভ্যানে কেউ মালামাল নিয়ে যেতে চাইনা। বাধ্য হয়ে সাইকেলে করে মালামাল নিয়ে যেতে হয়। প্রতিদিন সাইকেলে মালামাল নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর।
এ বিষয়ে পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি দেখেছি। বাজেট আসলেই কাজ শুরু করবো।

Leave a Reply