ডেস্ক রিপোর্ট: স্ট্যাম্পে লিখে টাকা ধার দিয়ে বিপাকে পড়ে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়ার দুই ব্যক্তি।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে কলারোয়া উপজেলার দেয়াড়ার কাশিয়াডাঙ্গা গ্রামের রহমত আলী খানের ছেলে আইয়ুব আলী খান ও তার চাচাতো বোন নারগিস খাতুন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইয়ুব আলী খান জানান, ২০১৮ সালের ৩০ জুলাই তিনশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে প্রতিবেশি অশোক কুমার, দীলিপ কুমার, নীল কুমার ও শচিন কুমারকে ৬ লাখ টাকা ধার দেই। শর্ত থাকে যে, তারা সাগরে মাছ ধরা শেষে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে ৫০ হাজার টাকা লাভসহ মোট ৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেবে। আর পরিশোধে ব্যর্থ হলে তাদের নামীয় দেয়াড়া মৌজায় ৬১ শতক সম্পত্তি মধ্যে ৩৩ শতক জমি লিখে দেবে। কিন্তু অদ্যাবধি টাকা ফেরত না দিয়ে তারা টালবাহানা শুরু করেছে।
তারা আরো জানান, একই এলাকার সোহরাব খান, হারুন অর রশিদ এর কু-পরামর্শে দেনাদাররা টাকা পরিশোধ না করার পায়তারা করছে। তারা জানান, এ ব্যাপারে সাতক্ষীরা বিজ্ঞ আমলি আদালতে একটি মামলা দায়েরের পর দালাল চক্র ক্ষিপ্ত হয়ে কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয় থেকে নোটিশ করিয়েছে স্ট্যাম্প উদ্ধারের জন্য। তারা মারপিট করে স্ট্যাম্প ছিনিয়ে নেওয়ারও ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
